রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নানা প্রতিকূলতা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়েছে। প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট।
এর মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। সূচিত হলো ইতিহাসের এক নতুন অধ্যায়। গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হওয়ার পর। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় যেতে সাত থেকে আট মাস সময় লাগতে পারে।
পরীক্ষামূলক সরবরাহ সফলভাবে শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। তবে আগামী জানুয়ারির মধ্যেই প্রথম ইউনিট থেকেই ১১০০ থেকে ১২০০ মেগাওয়াট দেওয়ার জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। সূত্র জানিয়েছে, এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।
গতকালের এই প্রক্রিয়ায় প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। প্রাথমিক পরীক্ষার পর বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে। এ সময় কেন্দ্রটির বিভিন্ন কারিগরি ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় যাচাই করা হবে। এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর পুনরায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপর প্রথম ইউনিটের দায়িত্ব রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় ও কারিগরি বিষয়গুলো যাচাই করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
গতকাল মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করার সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা প্রকৌশলী, বিজ্ঞানী এবং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা জাতির জন্য আনন্দের সংবাদ। আজকে যে ৩৬০ মেগাওয়াট পর্যন্ত আমাদের ন্যাশনাল গ্রিডে যুক্ত হলো এটা একটা স্টেপ। আমরা চেষ্টা করব জানুয়ারির মধ্যেই জাতীয় গ্রিডে ১২০০ বা ১১০০ মেগাওয়াট যুক্ত করতে”।
এদিকে দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিট চালাতে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন প্রতিদিনের বাংলাদেশের পাবনা ও ঈশ্বরদী প্রতিবেদক।