মোশাররফ বাবলু ও হাসান ইমন
প্রকাশ : ১৭ মিনিট আগে
আপডেট : ৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাচ্ছেন জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (পুরনো ছবি)। ছবি: সংগৃহীত
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও বহুমুখী সংকটের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ বাড়ানো। তবে এসব সংকট মোকাবিলায় শুধু সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ। আর এই ঐক্যবদ্ধ উদ্যোগ গড়ে তোলার প্রধান দায়িত্ব নিতে হবে সরকারকেই।
বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। নাগরিকদের নিরাপত্তা দেওয়া সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে তাতে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত তারা। কিন্তু সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। আবার অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব ও শ্রম অসন্তোষ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে বিচ্ছিন্নভাবে কোনো একটি খাতের সমস্যা সমাধান করে সামগ্রিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকারকে সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
কীভাবে সংকট মোকাবিলা সম্ভব? এ প্রশ্নের জবাবে সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এসব সমস্যার প্রভাব শুধু সরকার বা ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা ও সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় অগ্রাধিকার দিতে হবে”।
এ প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। বর্তমানে বিভিন্ন সেক্টরে নানা সংকট দেখা দিয়েছে। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে সংকট সমাধানে ঐক্যবদ্ধ হতে হবে। এ অবস্থায় বিরোধিতা নয়, সংকট মোকাবিলায় সরকারের পাশে এসে দাঁড়াতে হবে। অন্যথায় ভবিষ্যতে বিপদ আরও বাড়বে”।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফ্বী রতন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বিচিত্রভাবে মানুষের সংকট বাড়ছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ সংকটের মধ্যে পড়েছে। বিশেষ করে একটি গোষ্ঠী ‘মব’ সংস্কৃতি তৈরি করে সংকট বাড়াচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের মজুরির বিষয়টিও জীবন-মরণ সংকটে পরিণত হয়েছে। ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর মানুষ পরিবর্তনের আশা করেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিস্থিতির উন্নতি হয়নি। বর্তমান সরকারও সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারেনি”।
তিনি আরও বলেন, “এই সংকট শুধু সরকারের একার নয়। তবে সংকট দূর করার উদ্যোগ সরকারকেই নিতে হবে। রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও শ্রমজীবী মানুষের সঙ্গে আলোচনা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করা গেলে প্রকৃত সংকট মোকাবিলা সম্ভব”।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “রাজনৈতিক সংকটের প্রভাব অর্থনীতির ওপর পড়ে। আবার অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে না পারলে রাজনৈতিক সংকটও বাড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বাজার নিয়ন্ত্রণ, এলপিজি গ্যাস নিয়ে জনহয়রানি বন্ধ, ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মানসম্মত মজুরি নিশ্চিত করতে হবে। জনগণ যদি অনুভব করে সরকার তাদের পাশে আছে, তাহলে ষড়যন্ত্র সফল হওয়ার সুযোগ থাকে না। সংকট মোকাবিলায় জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে”।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “একটি নিষিদ্ধ দলের কার্যক্রম বন্ধ রাখা সরকারের দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে জামায়াত কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পালন করবে?”
তিনি আরও বলেন, “সরকার যদি আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি করতে বিরোধী দলের সহযোগিতা চায়, জাতীয় ঐক্য কামনা করে; তাহলে জামায়াত অবশ্যই তাতে সাড়া দেবে। তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার”।
এদিকে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সম্প্রতি বিভিন্ন টকশোতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে অনেকে কথা বলছেন। আওয়ামী লীগ ফিরলে হয়তো তারা বিভিন্ন পদ পাবেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে এলে জনগণ কচুকাটা করবে। সুতরাং আপনি যদি মনে করেন, জনগণ আওয়ামী লীগকে আপনার দৃষ্টিতে দেখবে সেটা ভুল।
তিনি আরও বলেন, “বর্তমানে আওয়ামী লীগ দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম নিচ্ছে না। অথচ অতীতে তারাই কোথাও নাশকতা হলে জামায়াতের তাণ্ডব বা বিএনপির অগ্নিসন্ত্রাস লিখে শিরোনাম করত”।
অন্যদিকে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিরোধে এনসিপি প্রস্তুত রয়েছে। তার মতে, জাতীয় ঐক্যের উদ্যোগ সরকারকেই নিতে হবে। এক্ষেত্রে নিঃশর্ত সমর্থনের সুযোগ নেই; জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো পূরণ করতে হবে।
তিনি আরও বলেন, “সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় জনগণের দাবি আদায়ে জনমত গঠন ও আন্দোলন অব্যাহত থাকবে। ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে এনসিপি”।
এ প্রসঙ্গে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, “গার্মেন্টসের সংকট শুধু সরকারের সংকট নয়। ১২ হাজার ৫০০ টাকার স্থলে আগামীকাল থেকেই তিনগুণ বেশি ৩৫ হাজার টাকা বেতন দেওয়ার সক্ষমতা মালিকদের নেই। এ বিষয়টির একটা সুরাহা হওয়া দরকার। মনে রাখতে হবে গার্মেন্টস বাঁচলে শুধু মালিকই বাঁচবে না, শ্রমিকরাও বাঁচবে। শ্রমিকদের রাজনৈতিক পক্ষসমূহের ফাঁদ বুঝতে হবে। যৌক্তিকতা বিচারে বেতন বৃদ্ধির বিষয়টির জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে”।