রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিকালে আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার একমাত্র এ দেশের জনগণের। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করতে পারবে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, “জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই এ দিবসের মূল চেতনা। অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগায় এ চেতনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার অধিকার নিশ্চিত করাও এর অন্যতম অঙ্গীকার।”
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতা ধরে রাখার প্রবণতা দেখা গেছে। গত ১৭ বছরের শাসনামল ছিল পুরোনো স্বৈরশাসনের নতুন সংস্করণ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল।” মধ্যরাতের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনি ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে রিজভী বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বললেও বাংলাদেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শেখ হাসিনা একবার বলেছিলেন, ‘আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনো দিন ভুলবে না।’ তার মতে, এ বক্তব্যের মধ্যেই আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা ফুটে ওঠে। বাংলাদেশের স্বার্থ রক্ষা ও পররাষ্ট্রনীতি নির্ধারণে জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।”
২০২৪ সালের জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগ সারা দেশের তরুণ, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করে। এর মধ্য দিয়ে সৃষ্ট গণজাগরণ শেষ পর্যন্ত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটায়।”
জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে অভিযোগ করেন রিজভী। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠনকে ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতি-পুতি’ আখ্যা দিয়ে দমনের চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সহিংস রাজনীতির সমালোচনা করে রিজভী আরও বলেন, “বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে।” দেশের সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, “কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দু-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না। এমন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও ভিন্নমত প্রকাশ করতে পারবে এবং সরকারের সমালোচনা করায় কেউ গুম বা নির্যাতনের শিকার হবে না। জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা অন্যায়, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে সাহস জোগাবে।”