প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মিনিট আগে
আপডেট : ১৮ মিনিট আগে
দ্বিপক্ষীয় সফরে আজ মঙ্গলবার শ্রীলঙ্কা পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার বিকেলে তিনি শ্রীলঙ্কায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত বারুনি মুতুকুমারানা।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং বহুমুখী সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন সুযোগ নিয়ে কথা হবে। পাশাপাশি শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে।
সফরকালে ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা জয়েন্ট কনসালটেটিভ কমিশন ফর কমপ্রিহেনসিভ কো-অপারেশন’ (সার্বিক সহযোগিতার জন্য যৌথ পরামর্শক কমিশন) প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুই দিনের এই সরকারি সফর শেষে আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রীলঙ্কা ত্যাগ করার কথা রয়েছে।