ঢাকা-কলকাতা ট্রেন। ছবি: সংগৃহীত
আড়াই বছর ধরে বন্ধ বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল। এ যোগাযোগ ফের চালুর বিষয়ে আলোচনা এগোলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পদ্মা সেতু হয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী। ফলে ট্রেন চলাচল ফের শুরুর সম্ভাবনা তৈরি হলেও তা নির্ভর করছে দুই দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর।
ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে প্রতি মাসেই ঢাকা-কলকাতা ট্রেন চালুর খোঁজ নিতে আসেন শরীয়তপুরের মেহেদী হাসান। মায়ের চিকিৎসার জন্য ভারতে যেতে চান তিনি। তার ভাষায়, সত্তরোর্ধ্ব রোগীর জন্য ট্রেনযাত্রা বেশ আরামদায়ক।
চিকিৎসা ভিসার জন্য বরিশাল থেকে ঢাকায় আসা মাসুদুর রহমান জানান, আগে তিনি ট্রেনে কলকাতা গেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনভ্রমণ তুলনামূলক নিরাপদ বলেও মনে করেন তিনি।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সূত্রে জানা গেছে, চিকিৎসাসহ অন্যান্য ভিসার কার্যক্রম আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।
২০২৪ সালের ১৯ জুলাই রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। ওই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ঢাকা-দিল্লি সম্পর্কে অবনতি ঘটে। ফলে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়টি আলোচনার বাইরে ছিল। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়। সম্প্রতি দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকেও এ বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কলকাতার ৩৯২ কিলোমিটার পথ পাড়ি দিতে মৈত্রী এক্সপ্রেসের সময় লাগত প্রায় ৭ ঘণ্টা ৪৫ মিনিট। ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে টাঙ্গাইল, যমুনা সেতু, ঈশ্বরদী ও দর্শনা হয়ে কলকাতায় যেত। ২০০৮ সালের এপ্রিলে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগের অংশ হিসেবে মৈত্রী এক্সপ্রেস চালু হয়। এরপর চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারতে যাতায়াতকারী বাংলাদেশিদের কাছে ট্রেনটির জনপ্রিয়তা বাড়ে। রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত এ ট্রেনে ২ লাখ ৮৮ হাজার ৩৬০ জন যাত্রী যাতায়াত করেছেন। সে হিসাবে মাসে গড়ে প্রায় ১২ থেকে ১৩ হাজার যাত্রী এ ট্রেনে ভ্রমণ করতেন।
ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাইদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “কলকাতা রুটে সপ্তাহে ৩৫৬ আসনের পাঁচটি ট্রিপ চলত। রোগী ও বয়স্কদের জন্য এ যাত্রা বেশ আরামদায়ক। ট্রেন চালু হলে যাত্রীসংখ্যা বাড়বে বলে আশা তার। তিনি জানান, আন্তর্জাতিক ট্রেন চলাচলের জন্য ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা স্টেশনটিতে রয়েছে”।
গত সেপ্টেম্বরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস শিগগিরই চালু হবে। তবে এরপর এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বির আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সরকার চাইলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। ২০২৪ সালে যে রাজনৈতিক পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল, তা এখন আর নেই”।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের উচ্চপর্যায়ের বৈঠকে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় ট্রেন— মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কলকাতা), বন্ধন এক্সপ্রেস (খুলনা-কলকাতা) ও মিতালী এক্সপ্রেস (ঢাকা-নিউ জলপাইগুড়ি) পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পায়। তবে ভারতের আনুষ্ঠানিক প্রস্তাব ও সরকারি অনুমোদনের পরই ট্রেন চলাচলের তারিখ নির্ধারণ করা হবে।
এদিকে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেসকে বর্তমান পথের পরিবর্তে পদ্মা সেতু হয়ে চালানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি আলোচনা চলছে। পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়েও প্রাথমিক প্রস্তাব ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
সামগ্রিক অগ্রগতি জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “গত সেপ্টেম্বরে দুই দেশের বৈঠকের পর তেমন অগ্রগতি হয়নি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ভারত আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে। তবে এখনও ভারত কোনো প্রস্তাব পাঠায়নি”।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সেপ্টেম্বরে উচ্চপর্যায়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি। বাংলাদেশ থেকেও এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়নি”।
তবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “পদ্মা সেতু হয়ে যাত্রীবাহী রেল যোগাযোগ চালাতে ভারত আগ্রহী। দেশটির প্রতিনিধিরা যোগাযোগ করে এ আগ্রহের কথা জানিয়েছেন”।
এটিকে ইতিবাচক অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, “এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করতে হবে”।