প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মিনিট আগে
আপডেট : ৫ মিনিট আগে
ফাইল ছবি
ঢাকা মহানগরীর যানবাহনে অননুমোদিতভাবে যুক্ত হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে শব্দদূষণ বাড়ছে, তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এ পরিস্থিতিতে আগামী ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করার জন্য যানবাহনের মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে ডিএমপি বদ্ধপরিকর উল্লেখ করে এই উদ্যোগ সফল করতে সম্মানিত নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।