× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২০ মিনিট আগে

আপডেট : ১ মিনিট আগে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত আহমেদ জানান, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষাও চালানো হবে।

পরীক্ষার পর প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করতে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে আরও কিছু পরীক্ষা চালানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় গ্রিডের আচরণ, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা সফল হলে চলতি মাসের ২১ নভেম্বর অথবা মাসের শেষ দিকে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের জন্য কেন্দ্রটি প্রস্তুত রয়েছে। গ্রিডের ফ্রিকোয়েন্সি ও সক্ষমতা যাচাইয়ের মধ্য দিয়ে কমিশনিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপ সম্পন্ন করা হচ্ছে।

২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন।

রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির নির্মাণব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা