প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে
আওয়ামী লীগের নামে বর্তমানে সাধারণ মিছিল-সমাবেশ করাও বেআইনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কিনা, সেটিও তদারকি হচ্ছে সতর্ক করেছেন তিনি।
সরকারের কর্মকাণ্ড জানাতে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাহেদ উর রহমান।
নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের সহিংসতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, আপনি আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি, আপনি একটা সমাবেশ করলে, সভা করলে সেটাও বেআইনি। সেখানে নৃশংসতা এবং সহিংসতা দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা। এই ঘটনা সরকার টলারেট করার কোনো কারণ নেই”।
সরকারি কর্মচারীদের তদারকির প্রসঙ্গে তিনি বলেন, “এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে”।
জাহেদ উর রহমান বলেন, “সরকারের মেকানিজম আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে”।
তবে তদারকি কীভাবে হচ্ছে, সেটা বলা যাবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।