× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ দিনে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

চলতি মাসের ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ধারাবাহিক এই নাশকতায় জননিরাপত্তা, গণপরিবহন চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ৯ দিনের এসব সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় সারা দেশে মোট ২১টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুলিশের দুটি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে। তবে এসব স্থাপনা ও গাড়ির আর্থিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে নাশকতার মাত্রা ক্রমেই বেড়েছে। এর আগে ১১ নভেম্বর পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রথম তিন দিনে ২৭ স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯ বাসে আগুন দেওয়া হয়েছিল; যাতে ১১টি মামলা ও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তী ছয় দিনে পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং বিস্ফোরণ ও অগ্নিসংযোগের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়।

ঢাকায় স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে বিস্ফোরণের ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবনসংলগ্ন এলাকা এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে এবং রাজধানীর বিভিন্ন থানা ও সরকারি স্থাপনার আশপাশেও বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য, এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ১ নভেম্বর থেকেই রাজধানীতে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়।

ক্রমবর্ধমান এই নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব জেলার পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও সব রেঞ্জ ডিআইজিদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে নাশকতাকারীদের দ্রুত গ্রেপ্তার, রাত্রীকালীন টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রতিটি ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা