× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ছবি: সংগৃহীত

গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, শোষণ-বৈষম্য ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে আজীবন নিবেদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। তার বাবা শরাফত আলী খান ও মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে ইসলামী শিক্ষায় অধ্যয়ন করেন। তবে তার চিন্তা ও কর্ম কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি। সমাজের অসঙ্গতি, শ্রেণিবৈষম্য ও সাধারণ মানুষের বঞ্চনা তাকে রাজনৈতিক-সামাজিক আন্দোলনে যুক্ত করে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে তিনি খেলাফত ও অসহযোগ আন্দোলনে অংশ নেন। জমিদারি শোষণ, সামন্তবাদ ও কৃষকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বিশেষ করে, আসামে বাঙালি কৃষকদের জমি, বসতি ও জীবিকার অধিকার রক্ষায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আসামের ‘লাইন প্রথা’র বিরুদ্ধে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। আসামের ভাসানচর এলাকায় তার কৃষক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের সূত্রেই ‘ভাসানী’ নামটি পরিচিত হয়ে ওঠে।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে তার ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। একই বছর তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন এবং স্বাধীনতার পরও গণতন্ত্র, অর্থনৈতিক সাম্য ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যান। তার রাজনৈতিক জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিনি রাজশাহী থেকে কানসাট অভিমুখে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। 

মওলানা ভাসানীকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। তার স্মৃতি ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এদিকে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিএনপি জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা আজ মঙ্গলবার শেষ হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা