× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মিনিট আগে

আপডেট : ২২ মিনিট আগে

দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, “নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক করা হবে।” পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী খেলাধুলা ও নতুন ভাষা শেখার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।”

খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।”


শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।”

এ সময় ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃক্ষরোপণে উৎসাহিত করে তিনি বলেন, “তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।”

প্রধানমন্ত্রী বলেন, “মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি পড়াশোনা, দক্ষতা অর্জন, খেলাধুলা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে।”

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ শিক্ষার্থী ও ছয় শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিক্যাল কলেজের ৯ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

এ সময় তারা সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা