দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চায় বর্তমান সরকার। এ অঞ্চলের ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত ও পায়রা বন্দরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
তিনি বলেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়।
সোমবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউইয়র্ক সময় রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, এ অঞ্চলের যেসব প্রবাসী উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাদের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।
ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলু।
সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়া। এ ছাড়া স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষজন উপস্থিত ছিলেন।