প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন রোগী। অন্যদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন এবং ল্যাব পরীক্ষায় ১৭৩ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিত হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে ডেঙ্গু ও হাম পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হালনাগাদ তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। এ নিয়ে চলতি বছর (১ জানুয়ারি থেকে অদ্যাবধি) ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০২ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৫৫৮ জনের মধ্যে সর্বোচ্চ ঢাকায় ৬৭৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৫১, খুলনায় ২০১, রাজশাহী ও বরিশালে ১৪৫ জন করে, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেটে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের (আইসিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগ ও ঢাকা জেলাতেই মৃত্যু বেশি (২ জন)। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য নেই।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন রোগী। এ পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৩ জনের এবং ল্যাব পরীক্ষায় রোগ নিশ্চিত হওয়ার পর ১০৫ জনের মৃত্যু হয়েছে।