তিন সিটিতে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প
জোসনা জামান
প্রকাশ : ১২ মিনিট আগে
ছবি: এআই দিয়ে সম্পাদিত
সাড়ে তিন বছরে বাস্তবায়ন করার লক্ষ্য ছিল ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প। কিন্তু ২০১৮ সালের জুলাইয়ে গৃহীত প্রকল্পটি আট বছরেও শেষ হয়নি। যদিও কয়েক দফায় বেড়েছে ব্যয় ও বাস্তবায়নের মেয়াদ। সর্বশেষ দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৫০৫ কোটি টাকার বেশি। তা ছাড়া এটি বাস্তবায়নের জন্য সময় চাওয়া হয়েছে আরও আড়াই বছর।
এ দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন করলেও দেরি হওয়ার কারণ এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে তার নির্দেশে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি করপোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (ইডিএলএমএস)’ শীর্ষক প্রকল্প নিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকল্পে আওতায় রয়েছেÑ চট্টগ্রাম, রাজশাহী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ঢাকার ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
গত ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির দ্বিতীয় সংশোধন প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধির কারণ জানতে চান প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানতে চান, সাড়ে তিন বছরে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্প বাস্তবায়নে কেন সাড়ে ১০ বছর লাগছে। বিশেষ করে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত এর দরপত্র ও কাজের প্রক্রিয়া কেন আটকে ছিল, তিনি তা তদন্তের নির্দেশ দেন।
তিনি বলেন, “কেন এমন হয়েছে, কাদের কারণে বাস্তবায়ন আটকে আছে এবং কাদের অবহেলায় এ পরিস্থিতি দেখা দিয়েছে, তা খুঁজে বের করতে হবে”।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) তদন্ত করে এক থেকে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে যাদের গাফিলতি রয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রকল্পের সংশোধনী অনুমোদন দেওয়া হলেও দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে একনেক সভায় জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ব্যয় ও মেয়াদ বেড়েছে তিন দফায়
মূল প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৩৫১ কোটি ৮৬ লাখ ২২ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসার কথা ৭০ কোটি ৮২ লাখ ৯৬ হাজার টাকা, বৈদেশিক ঋণ থেকে পাওয়ার কথা ২৮১ কোটি ৩ লাখ ২৬ হাজার টাকা। প্রকল্পটি ২০১৮ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্প ব্যয় বাড়িয়ে ৩৮৩ কোটি ৫০ লাখ ৪৯ হাজার টাকা করা হয় প্রথম সংশোধনীতে। এর মধ্যে সরকারি তহবিলের ৭৮ কোটি ৯ লাখ ৭০ হাজার এবং প্রকল্প ঋণ ছিল ৩০৫ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকার। এ সময় মেয়াদ সাড়ে তিন বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়।
কিন্তু এ সংশোধনীতেও শেষ হয়নি প্রকল্প। ফলে আবারও করতে হয় বিশেষ সংশোধনী। তখন আরেক দফা ব্যয় বাড়িয়ে করা হয় ৩৯৪ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা। এ পর্যায়ে সরকারি তহবিল থেকে ৮৮ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৩০৫ কোটি ৪০ হাজার ৭৯ হাজার টাকা ব্যয় ধরা হয়। মেয়াদও আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের জুনে নেওয়া হয়।
কিন্তু এতেও বাস্তবায়ন হয়নি প্রকল্প। এবার ব্যয় বাড়িয়ে ৫০৫ কোটি ৩১ লাখ ৭৮ হাজার করে প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব পাঠানো হয় পরিকল্পনা কমিশনে। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসার কথা ১৫৮ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা। প্রকল্প ঋণ ধরা হয় ৩৪৬ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকা। আর মেয়াদ আরও আড়াই বছর বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বরে প্রকল্প সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়।
অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রস্তাবিত ব্যয় বেড়েছে ১৫৩ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা। শতাংশের হিসাবে ব্যয়বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৩ দশমিক ৬৩ শতাংশ।
আট বছরে ভৌত অগ্রগতি ৬৪ শতাংশ
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, গত ৪ জুন পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের নতুন সংশোধনী প্রস্তাব একনেকে উপস্থাপন করা হয়। প্রস্তাবিত সংশোধিত প্রকল্পের ব্যয় বিশেষ সংশোধনী প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ১১০ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা বা ২৮ দশমিক ১৩ শতাংশ বেশি। প্রকল্পের শুরু থেকে গত জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ৫৮ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৬৪ শতাংশ। অর্থাৎ আট বছর পেরিয়ে গেলেও প্রকল্পটির এক-তৃতীয়াংশের বেশি কাজ এখনও বাকি রয়েছে।
একনেক সভা সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিশেষ করে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত দরপত্র ও কাজের প্রক্রিয়া আটকে থাকার কারণ খতিয়ে দেখতে বলেছেন। তার নির্দেশনা অনুযায়ী, প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা তদন্ত করবে আইএমইডি। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ‘এর আগে একনেকের নির্দেশে যেসব তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল, সেগুলো পর্যালোচনা করে কী ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও তাকে জানাতে হবে।
চার সদস্যের তদন্ত কমিটি
প্রকল্পের দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরীকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হলেনÑ আইএমইডির সংশ্লিষ্ট সেক্টরের মহাপরিচালক। এছাড়া সদস্যরা হলেনÑ ভূমি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিব এবং পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান অথবা যুগ্মপ্রধান।
তদন্ত কমিটির প্রধান আইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আমরা কাজ শুরু করেছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, এজন্য কমিটির সভাও শুরু হয়েছে”।
প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম
প্রকল্পটির মূল লক্ষ্য ছিল ডিজিটাল সার্ভে, ম্যাপ ও খতিয়ান ডিজিটাইজেশন করা। যার মাধ্যমে ভূমি মালিকদের মালিকানার অধিকার নিশ্চিত করা, ভূমি বিরোধ কমানো এবং ভূমি থেকে রাজস্ব আয় বাড়িয়ে সরকারের ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করা যাবে। ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা যাবে। এ প্রকল্পের কার্যক্রম হচ্ছে, প্রকল্পের আওতায় ৬টি লোকেশনের (চট্টগ্রাম, রাজশাহী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন; মানিকগঞ্জ পৌরসভা; এবং ধামরাই ও কুষ্টিয়া উপজেলা) ৬৯৪টি মৌজায় ডিজিটাল সার্ভে সম্পন্ন করা, অস্থায়ী কন্ট্রোল পয়েন্ট স্থাপনের সংখ্যা ৮৮ হাজার ৮৩৪টি সম্পন্ন করা, ড্রোন এবং এয়ারক্রাফট ব্যবহার করে এরিয়াল ফটোগ্রাফির মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম এবং জাতীয় ডাটা সেন্টারের মাধ্যমে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট পরিচালনা করা এবং সিএস ও আরএস ম্যাপ এবং খতিয়ান স্ক্যান করে ডিজিটাইজেশন ও ডাটাবেজ নির্মাণ করা।