× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে নজর রাখছে সরকার, পরিস্থিতি বুঝে পদক্ষেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মিনিট আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রবিবার গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রবিবার গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, মহড়া ও সহিংস ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি বিবেচনা করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়েও ভাবা হচ্ছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রবিবার তাদের লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

এ সময় মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যসংখ্যা বাড়িয়েছে। তবে এখনই বলপ্রয়োগের পথে যেতে চায় না সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বলপ্রয়োগ করে জানমালের ক্ষতি করতেও চায় না। আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকার আইন অনুযায়ী বলপ্রয়োগ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।

রবিবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়।

ওই বছরের ২০ জুলাই গুলি ছোড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা