× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ ভবন: সৌরবিদ্যুৎ স্থাপনের সমীক্ষায় অসন্তোষ

৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন তৈরির নির্দেশ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

আপডেট : ৩ মিনিট আগে

সংসদ ভবন। ফাইল ছবি

সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ (সোলার পাওয়ার) স্থাপনের সমীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।


ডিপিডিসির মাধ্যমে তৈরি করা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক না হওয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে ফের জরিপ সম্পন্ন করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কমিটির পরবর্তী সভায় ওই প্রতিবেদন উপস্থাপন করতে হবে। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ে জাতীয় সংসদে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।


জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


সভায় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ এবং ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।


একই সময়সীমার মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত হয়।


সভায় সংসদ ভবন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দ করা ফারহান ফাইয়াজ খেলার মাঠের ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে আলোচনা হয়। মাঠটির বরাদ্দ, চুক্তি এবং এসংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়টি যাচাই করতে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।


কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এই সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। সাব-কমিটিকে পরবর্তী সভায় এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়েও সভায় আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাব-সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে আপত্তি জানিয়েছে কমিটি।


সভায় কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা