প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মিনিট আগে
ছবি: সংগৃহীত
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় কোনো ধরনের শঙ্কা নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
আজ রবিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইন্তেখাব চৌধুরী বলেন, “ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত আমরা কোনো বড়ধরনের শঙ্কা আশা করছি না। আমরা মাঠে আছি, অন্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”
আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টকে ফাঁকি দিয়ে ঢাকায় এত ককটেল আসছে কি করে—এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুরো ঢাকা নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরের যে বেষ্টন- তা বিস্তৃত করে দেওয়া হবে, বিষয়টি কিন্তু এমন না। ঢাকা শহর অনেক বড় একটি জায়গা এবং এখানে যে আইন-শৃঙ্খলা বাহিনী, যারা আমরা কাজ করছি, নিরলস চেষ্টা করে যাচ্ছি।
“এখানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আছে, বাংলাদেশ পুলিশ আছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি” বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে এসআরবি মুখপাত্র বলেন, “আমরা সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করছি এবং সেখান থেকেই কিন্তু আমরা নাশকতারকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। নাশকতারকারীদের আমরা গ্রেপ্তারও করছি।”
তিনি বলেন, “নাশকতারকারীদের এই অপকর্মকে নিবারণ করার জন্য আমরা যে চেকপোস্টগুলো করছি, এই চেকপোস্টগুলোতে কিন্তু অধিকতর প্রাধান্য দিয়ে এই মোটরসাইকেল আরোহীদেরকে এবং তাদের সাথে থাকা ব্যাগ বা জিনিসপত্র আছে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে, যাতে করে আমরা এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারি।”