গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল এবং ব্যাপক তাণ্ডবের দিনই জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে রদবদল এনেছে সরকার। গোপালগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার এবং পুলিশ সুপারকে (এসপি) ফেনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে জেলায় নতুন ডিসি ও এসপি পদায়ন করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে পদায়ন করেছে সরকার।
একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত অপর এক আদেশে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রশাসনিক এই পরিবর্তনের আওতায় আরও দুটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।
এর আগে রবিবার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও তাণ্ডব চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ছিল। মিছিল থেকে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এই অচলাবস্থার মধ্যেই জেলার শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।