ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবিতে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি ও ভিডিও। কোনো ছবিতে তাকে গাড়িতে বসে পাসপোর্ট হাতে দেখা যাচ্ছে, আবার কোনো ছবিতে পরিবারের সদস্য ও নেতা-কর্মীদের উপস্থিতিতে পাসপোর্ট হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
তবে প্রথম আলোর ফ্যাক্ট চেকে উঠে এসেছে ভিন্ন তথ্য। সংবাদমাধ্যমটির দাবি, প্রচারিত ছবিগুলোর কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। আর পাসপোর্টের যে পাতার ছবি ছড়ানো হচ্ছে, সেটির মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালেই।
‘আলহামদুলিল্লাহ, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার পাসপোর্ট চলে আসছে। সবাই দোয়া করবেন’- এমন ক্যাপশনে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়।
ফেসবুকে ‘খোকন ভাইরাল’ নামের একটি প্রোফাইল থেকে পাসপোর্টের ওই পাতার ছবি ব্যবহার করে ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে বলা হয়, ‘সুখবর বাংলাদেশের ৬৪ জেলার আওয়ামী লীগের ভাই ও বোনেরা। আমার কলিজার ভাই ও বোনেরা সুখবর। এক্কেবারে সুখবর। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পাসপোর্ট অলরেডি চইলা আইছে। এই যে আমি স্ক্রিনে দিয়া দিতেছি। চইলা আইছে। আপনাদের আর কোনো টেনশন করতে হবে না…’
একই দাবিতে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলোতে বিভিন্ন পরিস্থিতিতে পাসপোর্ট হাতে শেখ হাসিনাকে দেখা যায়। কোনো ছবিতে গাড়িতে বসে তাঁর হাতে পাসপোর্ট রয়েছে। কোনো ছবিতে তাঁর পাশে কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়। আবার একটি ছবিতে শেখ রেহানাসহ নেতা-কর্মীদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে।
শেখ হাসিনার পাসপোর্ট চলে এসেছে- এমন দাবিতে ৪৫টির বেশি পাবলিক গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে এসব ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে।
পাসপোর্ট হাতে শেখ হাসিনার ছবিগুলো এআই দিয়ে তৈরি
ছবি ও ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে ‘ওয়াজ ইট এআই’, ‘হাইভ মডারেশন’ ও ‘ইমেজ হুইসপারার’ নামের তিনটি এআই শনাক্তকারী টুল ব্যবহার করা হয়। এসব টুলের বিশ্লেষণে পাসপোর্ট হাতে শেখ হাসিনার যেসব ছবি নতুন পাসপোর্ট পাওয়ার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে, সেগুলো বাস্তব ঘটনার ছবি নয়; বরং এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
ছড়ানো পাসপোর্টের মেয়াদ শেষ ২০২০ সালে
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের যে পাতার ছবি প্রচার করা হচ্ছে, তাতে ইস্যুর তারিখ উল্লেখ রয়েছে ১১ অক্টোবর ২০১৫। আর মেয়াদ শেষ হওয়ার তারিখ ৭ অক্টোবর ২০২০। অর্থাৎ ছবিতে থাকা পাসপোর্টটির মেয়াদ ছয় বছরের বেশি আগেই শেষ হয়েছে।
তাই পুরোনো পাসপোর্টের পাতার ছবি দিয়ে শেখ হাসিনা নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন- এমন দাবি প্রতিষ্ঠিত হয় না।
একই পাসপোর্টের ছবি ২০২৪ সাল থেকেই অনলাইনে
অনুসন্ধানে ২০২৪ সালের ২২ আগস্ট প্রকাশিত ‘শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার’ শিরোনামে একাধিক প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ করা কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। ওই দিন এ-সংক্রান্ত নীতিমালা ও নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পরে প্রচারিত পাসপোর্টের পাতার ছবিটির পুরোনো উৎস অনুসন্ধান করে ভারত থেকে পরিচালিত সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার (DNA India) একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনেও শেখ হাসিনার পাসপোর্টের একই পাতার ছবি ব্যবহার করা হয়েছিল।
অর্থাৎ নতুন পাসপোর্ট পাওয়ার প্রমাণ হিসেবে সম্প্রতি প্রচারিত ছবিটি নতুন নয়। অন্তত ২০২৪ সালের আগস্ট থেকেই ছবিটি অনলাইনে রয়েছে।
নতুন পাসপোর্ট ইস্যুর তথ্য নেই
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত ৯ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা।
তাঁর পক্ষে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। পরবর্তী সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, শেখ হাসিনার পক্ষে পাঠানো ই-মেইলটি দিল্লির বাংলাদেশ হাইকমিশন পেয়েছে এবং সেটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, আবেদনটি শেখ হাসিনার কি না, তা বোঝার উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।
এদিকে ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই; দেশে ফিরতে হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরবেন।
সব মিলিয়ে, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জানিয়ে ই-মেইল পাঠানোর খবর প্রকাশিত হলেও নতুন পাসপোর্ট ইস্যু হয়েছে বা তিনি সেটি হাতে পেয়েছেন- এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি। ফলে নতুন পাসপোর্ট হাতে পাওয়ার দাবিতে ছড়ানো ছবিগুলোর কয়েকটি এআই দিয়ে তৈরি এবং প্রচারিত পাসপোর্টের পাতার ছবিটি পুরোনো। নতুন পাসপোর্টের জন্য আবেদন করার খবরকেই পাসপোর্ট হাতে পাওয়ার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।