× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক মালিকদের হুঁশিয়ারি

কাজে না ফিরলে কারখানা আজ থেকে বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

আপডেট : ১৪ মিনিট আগে

কাজে না ফিরলে কারখানা আজ থেকে বন্ধ

পোশাক শ্রমিকরা কাজে যোগ না দিলে আজ রবিবার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন মালিকরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা মজুরি পাবেন না। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এমন ঘোষণা দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন।

ঢাকার উত্তরায় শনিবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। সংবাদ সম্মেলনে বিজিএমইএর পাশাপাশি নিট পোশাক শিল্প মালিকদের সংগঠনÑ বিকেএমইএর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন। সভায় শিল্পাঞ্চলের চলমান পরিস্থিতি ও উৎপাদন স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান জানান, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। মোট ১৪৭ কারখানা বন্ধ রয়েছে। আগামীকাল (আজ রবিবার) যেসব কারখানায় উৎপাদন চালানো সম্ভব হবে না, সেগুলোও একই ধারায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন মালিকরা।

শ্রম আইনের এই ধারায় কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের মজুরি পাওয়ার সুযোগ থাকে না। ফলে শ্রমিকরা কাজে যোগ না দিলে একদিকে যেমন কারখানার উৎপাদন ব্যাহত হবে, অন্যদিকে আয় থেকেও বঞ্চিত হতে পারেন তারা। এতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে চলমান বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের কার্যক্রম শুরুর পর মজুরি নির্ধারণ নিয়ে দুই পক্ষের আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

গত সোমবার অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে সাধারণ শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতির মধ্যেও মালিকপক্ষ মজুরি বোর্ডে নতুন বেতন কাঠামোর লিখিত প্রস্তাব দেবে।

সোমবার বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাবের পাশাপাশি শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।

তবে চলমান বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ অংশ নেবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মাহমুদ হাসান খান। ফলে মজুরি নির্ধারণের আলোচনা কোন পথে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে সংযমের আহ্বান জানিয়েছে পাঁচটি শ্রমিক সংগঠনের জোট। শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের অংশ নেওয়া উচিত নয়।

শ্রমিকদের উস্কানি ও অপতৎপরতা থেকে দূরে থাকার পাশাপাশি কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা। তাদের মতে, মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে মালিকদের প্রতিও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ খোলা রাখার আহ্বান জানান শ্রমিক নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা