শুক্রবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের পর এর ইতিহাস বিকৃত করা হয়েছিল। এমনকি মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। অথচ ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল।
শুক্রবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিজের সম্পৃক্ততার কথা স্মরণ করে স্পিকার বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়াও তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’
দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করাকে অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য করেননি। ১৯৭১ সালে দেশের সাধারণ মানুষের জীবন রক্ষায় প্রশিক্ষণ ছাড়াই এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। পৃথিবীর যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানেরা সাহসী।
মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার অব্যবহিত পরেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের ইতিহাস ছিল দুঃশাসনের ইতিহাস। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। আবু সাঈদ উদ্যত সঙ্গিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। ওই অভ্যুত্থানে সামরিক বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন স্পিকার। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে সম্মুখসমরে অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এমসি কলেজের যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতারও ভূয়সী প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।