× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধির হিসাবে গরমিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মিনিট আগে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তথ্যকে রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আওয়ামী লীগ সরকারের আমলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল। প্রকৃত হিসাবের তুলনায় প্রবৃদ্ধির হার ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়। এ ক্ষেত্রে সাতটি ক্ষেত্রে হিসাবের গরমিল পাওয়া গেছে। পরিসংখ্যানব্যবস্থার সংস্কারে দেওয়া হয়েছে ১০টি সুপারিশ।

জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় প্রবৃদ্ধির তথ্য বাড়িয়ে দেখানো হয়েছিল। তবে বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে চায়।

ফরেনসিক অডিটে উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার কখনো ৭ শতাংশের বেশি, আবার কখনো এর কাছাকাছি ছিল। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশে পৌঁছায়। তবে করোনার বছর ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৫ শতাংশে। বাংলাদেশের অর্থনীতি নানা সংকটে পড়ায় ২০২২-২৩ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার কমতে থাকে।

এসব পরিসংখ্যান নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ২০২৪ সালের নভেম্বরে বলেছিলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির যে পরিসংখ্যান দেখিয়েছিল, তা সঠিক নয়।’

ফরেনসিক অডিটবিষয়ক সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধি হিসাবের জন্য ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিজস্ব জরিপের তথ্য। এসব তথ্যে কোনো হস্তক্ষেপ ছিল না। বাকি ৪০ শতাংশ তথ্য নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। মূলত এসব তথ্যেই গরমিল ছিল এবং সেখানেই প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর সুযোগ তৈরি হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর তথ্যের অতিমূল্যায়ন বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল। বিশেষ করে জরিপের বাইরে থেকে আসা তথ্যগুলোতে গরমিল ছিল।

তিনি বলেন, বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয়। ভবিষ্যতে আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। আমাদের সরকারের কাছে জিডিপি কোনো সংখ্যাও নয়, আবার হাতিয়ারও নয়। আমরা চাই মানসম্মত ও সঠিক তথ্য।

সিমেন্ট উৎপাদনের উদাহরণ দিয়ে উপদেষ্টা বলেন, দেশে সিমেন্টের যে উৎপাদন দেখানো হয়েছে, জিডিপিতে ওই খাতের মূল্য সংযোজনের হিসাবের সঙ্গে তার মিল পাওয়া যায়নি। একই ধরনের অসংগতি পেট্রোলিয়ামসহ কয়েকটি খাতেও পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি দেখানো হয়েছিল, যদিও পরবর্তী সময়ে তা কমানো হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ফিরোজ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক।

অডিট প্রতিবেদনে বলা হয়, যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য পাওয়া যায়নি এবং বিবিএসের সরাসরি জরিপের পরিবর্তে প্রশাসনিক বা দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহার করে জিডিপি হিসাব করা হয়েছে, সেসব খাতে গরমিল বেশি ছিল। জিডিপির হিসাবে সাতটি ক্ষেত্রে অতিরিক্ত মূল্যায়ন বা তথ্য বাড়িয়ে দেখানোর প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে উৎপাদন ও করসংক্রান্ত তথ্যের অসংগতি ছিল বেশি। ২২টি শিল্প উপখাতের তথ্য পরীক্ষা করে গবেষকেরা দেখেছেন, বেশির ভাগ গরমিল হয়েছে সরাসরি জরিপের তথ্যের পরিবর্তে প্রশাসনিক ও অন্যান্য উৎসের তথ্য ব্যবহারের কারণে।

ফরেনসিক অডিটে জিডিপির অতিরিক্ত হিসাবের পেছনে সাতটি প্রধান দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বিবিএসের শিল্প উৎপাদন সূচক গণনায় নমুনার আকার ছোট হওয়া। ক্ষেত্রবিশেষে বড় শিল্পের উৎপাদন নিরূপণে মাত্র দুটি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য পর্যাপ্ত বিকল্প তথ্য বা সমন্বিত যাচাই প্রক্রিয়া নেই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য দেখানো বা ওভার-ইনভয়েসিংয়ের প্রভাব রয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা ও একচেটিয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্য যথাযথ যাচাই ছাড়াই ব্যবহার করা হয়েছে।

অন্য দুর্বলতাগুলোর মধ্যে রয়েছে, নির্মাণ খাতের তথ্যের এক জায়গায় পরিবর্তন সামগ্রিক হিসাবে প্রভাব ফেলা, ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন নিরূপণে সরাসরি তথ্যের পরিবর্তে যান্ত্রিকভাবে প্রাক্কলনের ওপর নির্ভর করা এবং আগের তথ্যের প্রবণতা ধরে পরবর্তী সময়ের হিসাব করায় অতিমূল্যায়নের ধারা বজায় থাকা।

অডিটের প্রাথমিক প্রতিবেদনে পরিসংখ্যানব্যবস্থা সংস্কারে ১০টি সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য সংগ্রহের জন্য মানসম্মত ছক চালু করা, যাতে তথ্যের উৎস ও পরিবর্তনের বিষয়গুলো নথিভুক্ত থাকে। বিবিএসের দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহারের ক্ষেত্রে কারিগরি যাচাই বাধ্যতামূলক করা এবং কোনো খাতে উৎপাদন বাড়লে পরিবহনসহ সংশ্লিষ্ট অন্য খাতের তথ্যেও তার প্রতিফলন রয়েছে কি না, তা যাচাই করা।

এ ছাড়া উৎপাদন শিল্পের জরিপ (এসএমআই) নিয়মিত হালনাগাদ, ২০০৫ সালের পুরোনো ভিত্তিবছরের তথ্য নতুন মানদণ্ডে রূপান্তর এবং ইপিবি, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মতো একাধিক উৎসের তথ্য সমন্বয়ের কৌশল তৈরির সুপারিশ করা হয়েছে। জিডিপি গণনার উৎপাদন ও ব্যয় পদ্ধতির পাশাপাশি যাচাইয়ের জন্য আয় পদ্ধতি ব্যবহারের সুযোগও খতিয়ে দেখতে বলেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

সুপারিশে আরও বলা হয়েছে, বিবিএসের পেশাগত নেতৃত্ব ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। কর্মীদের জন্য উপযুক্ত পেশাগত ক্যারিয়ার কাঠামো তৈরি, তথ্য প্রকাশের আগে কারিগরি পর্যালোচনা ও নির্ভরযোগ্য পদ্ধতি অনুসরণ, প্রাক্কলনের তথ্য উন্মুক্ত রাখা এবং দ্রুত প্রকাশের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এ বিষয়ে একটি স্থায়ী কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা