বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। ছবি: বিএনপি মিডিয়া সেল
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলন (কপ৩১) ও বিশ্বনেতাদের সম্মেলনে অংশগ্রহণ শেষে তিন দিনের তুরস্ক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়া থেকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে ফ্লাইটে ওঠেন তিনি।
এর মধ্য দিয়ে শেষ হয় জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তার তিন দিনের তুরস্ক সফর।
গত ১০ নভেম্বর আনতালিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী কপ৩১-এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ, অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও তার বক্তব্যে গুরুত্ব পায়।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।
এ ছাড়া সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিবেশবান্ধব পণ্য ও জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়ন, অর্থায়ন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।