× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২১:২৯ পিএম

সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত সভায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: ভিডিও থেকে নেওয়া

সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত সভায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিলের প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদের এক-তৃতীয়াংশ আসনে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

স্পিকার বলেন, দেশের নারীরা এখন নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা আর আগের মতো পিছিয়ে নেই। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রাখার প্রয়োজনীয়তা নতুন করে বিবেচনার সময় এসেছে। রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিলে নারীরা নিজেদের যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।

কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। এতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন স্পিকার।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। দেশের বর্তমান অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই।

রাজনীতিবিদদের নিজেদের সংশোধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা নিজেদের শুধরে নিলেই দেশের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব। রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে পুরো দেশ বদলে যাবে।

রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে স্পিকার বলেন, দলীয় রাজনীতির মাধ্যমে কীভাবে নিজেদের সুবিধা আদায় করা যায়, তা নিয়েই রাজনীতিবিদরা বেশি ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা ও অধিকার নিয়ে তাদের ভাবার সুযোগ হয় না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে আখ্যা দেন স্পিকার। তবে দেশে এখন আর সেই নির্বাচনী সংস্কৃতি নেই বলে মন্তব্য করেন তিনি। এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমদ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা