× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থবিরতা কাটিয়ে সচল হচ্ছে তথ্য কমিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২০:৪৯ পিএম

ঢাকায় তথ্য কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরীন ইসলাম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকায় তথ্য কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরীন ইসলাম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুই বছরেরও বেশি সময় স্থবির থাকার পর আগামী ১৬ নভেম্বর থেকে আপিলের শুনানি শুরু করতে যাচ্ছে তথ্য কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের পর কমিশনের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ সময়ে কমিশনে মোট ৯১৭টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরীন ইসলাম খান।

বৃহস্পতিবার ঢাকায় তথ্য কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরার সময় তিনি এসব কথা জানান।

অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, দায়িত্ব গ্রহণের পর কমিশনের কার্যক্রম গতিশীল করা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে আপিলের শুনানি শুরু হবে। পাশাপাশি কমিশনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, গত ১৭ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। পরদিন তারা দায়িত্ব গ্রহণ করেন।

১০০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের পর আগামী বছর জেলা পর্যায়ে তথ্য কমিশনের কার্যালয় চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলে তথ্য অধিকার মেলার আয়োজন করা হবে। সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের জন্য প্রশিক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান তথ্য কমিশনার জানান, সরকারি ব্যয় এবং বিদেশি অনুদানের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে, তা পর্যবেক্ষণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জনবল সংকটকে কমিশনের কার্যক্রম পরিচালনার অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, কমিশনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।

তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক অবস্থান স্পষ্ট করে অধ্যাপক নাহরীন বলেন, তথ্য কমিশন তথ্য মন্ত্রণালয়ের অধীন কোনো প্রতিষ্ঠান নয়; এটি একটি স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা।

সংবাদ সম্মেলনে তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা কোনো বাধার মুখে পড়লে তথ্য কমিশনের সহায়তা নেওয়া উচিত। পাশাপাশি বেসরকারি খাতকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

অপর তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার বাক্‌স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। গণতন্ত্র সুসংহত করার জন্যও অবাধ তথ্যপ্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কমিশনের নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তথ্য অধিকার আইন কার্যকর করা, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়ানো এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা