প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২০:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে (ইসিএসএমই) তিন দিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত ইঞ্জিনিয়ার্স কোরের ইউনিটসমূহের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধ ও শান্তিকালীন অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এ ছাড়া সেনাবাহিনী প্রধান ইঞ্জিনিয়ার্স কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য কোরের সব সদস্যের প্রতি নির্দেশনা দেন তিনি।
এদিকে ইঞ্জিনিয়ার্স কোরের ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন সেনাপ্রধান। বক্তব্যে তিনি ইঞ্জিনিয়ার্স কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধের কথা তুলে ধরেন এবং এই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট; ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার; অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের চিফ কনসালট্যান্ট জেনারেল; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারবর্গসহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।