ছবি: এআই দিয়ে সম্পাদিত
সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়ন এবং বিদ্যমান সংবিধানের ধারাবাহিকতা রক্ষার প্রশ্নে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের মধ্যেই সংশোধনের পথে এগোচ্ছে বিএনপি সরকার।
তবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত প্রস্তাব এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য থাকায় সব সংস্কার একসঙ্গে বাস্তবায়ন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে মতপার্থক্য রয়েছে। এ অবস্থায় সব সংস্কার একবারে না করে অগ্রাধিকার ভিত্তিতে কয়েক ধাপে সংবিধান সংশোধনের পরিকল্পনা করছে সরকার।
সংবিধান সংশোধনের সুপারিশ চূড়ান্ত করতে জাতীয় সংসদে গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটি ইতোমধ্যে ১০টি বৈঠক করেছে। গত ৩ নভেম্বর দশম বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। কমিটির লক্ষ্য ডিসেম্বরের মধ্যে সুপারিশ ও প্রতিবেদন চূড়ান্ত করা। এরপর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী বিল তৈরি করে ২০২৭ সালের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে উত্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে প্রথম পর্যায়ে কোন প্রস্তাবগুলো আসবে তা এখনও নির্ধারিত হয়নি।
জুলাই সনদ ও ইশতেহারের ব্যবধান
সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনী অঙ্গীকারের সমন্বয়। ২০২৫ সালের ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে সাংবিধানিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের ৮৪টি প্রস্তাব রয়েছে। এর মধ্যে ৪৭টি বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন। অন্যদিকে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিএনপির নির্বাচনী ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারের পাশাপাশি দলটির নিজস্ব ৩১ দফা সংস্কার প্রস্তাবও অন্তর্ভুক্ত হয়েছে। দুই দলিলের বেশ কিছু বিষয়ে মিল থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। কোথাও দলটি বিকল্প প্রস্তাব দিয়েছে। ফলে সরকার একদিকে জুলাই সনদের রাজনৈতিক অঙ্গীকার, অন্যদিকে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিÑ দুটিই বিবেচনায় নিতে বাধ্য হচ্ছে। এ প্রসঙ্গে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি সনদের বাইরের গুরুত্বপূর্ণ বিষয় এবং বিএনপির নির্বাচনী অঙ্গীকারও বিবেচনায় নেওয়া হবে।
উচ্চকক্ষ নিয়ে অনিশ্চয়তা
সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে দুই দলিলের ব্যবধান সবচেয়ে স্পষ্ট। জুলাই জাতীয় সনদে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন এবং জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টনের প্রস্তাব রয়েছে। উচ্চকক্ষের অনুমোদন ছাড়া সংবিধানের কোনো সংশোধনী কার্যকর না করার কথাও বলা হয়েছে। বিএনপির ইশতেহারেও ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের অঙ্গীকার রয়েছে। তবে সদস্য নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দলটির আপত্তি রয়েছে। ইশতেহারে উচ্চকক্ষের ২০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থাৎ উচ্চকক্ষ গঠনে নীতিগত সম্মতি থাকলেও এর সদস্য নির্বাচন, আসন বণ্টন ও ক্ষমতার পরিধি নিয়ে সমঝোতা হয়নি। এ কারণে প্রথম পর্যায়ের সংশোধনীতে উচ্চকক্ষের বিষয়টি বাদ দিয়ে পরবর্তী পর্যায়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার, নিয়োগ পদ্ধতিতে বিরোধ
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে বিএনপি ও জুলাই সনদের মধ্যে নীতিগত ঐকমত্য রয়েছে। কিন্তু সরকারপ্রধান বা প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে বড় ধরনের পার্থক্য রয়েছে। জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা নিয়োগে ১৫ ধাপের প্রক্রিয়ার প্রস্তাব করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে সমঝোতা না হলে বিকল্প প্রক্রিয়ায় বিচার বিভাগের প্রতিনিধিদের যুক্ত করার প্রস্তাবও রয়েছে। এ প্রক্রিয়ার কয়েকটি ধাপে বিএনপিসহ একাধিক দলের আপত্তি রয়েছে। বিএনপির ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের কথা থাকলেও ১৫ ধাপের নিয়োগপ্রক্রিয়া পুরোপুরি গ্রহণ করা হয়নি। বিশেষ করে বিচার বিভাগের ভূমিকা নিয়ে দলটির পৃথক অবস্থান রয়েছে।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য
প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার বিষয়ে দুই দলিলেই ১০ বছর মেয়াদের প্রস্তাব রয়েছে। তবে জুলাই সনদে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ একই ব্যক্তির হাতে না রাখার প্রস্তাব থাকলেও বিএনপির ইশতেহারে এমন নিষেধাজ্ঞা নেই। রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকা নিয়েও রয়েছে পার্থক্য। জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে ভূমিকা বাড়ানো এবং রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বিএনপির ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি রাষ্ট্রপতির অধীনে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টির অঙ্গীকার করা হয়েছে। এ ছাড়া সংবিধানে মহান সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের বিষয়টিও বিএনপির ইশতেহারে রয়েছে।
যেসব বিষয়ে মিল
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে দুই দলিলের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। আস্থা ভোট, অর্থবিল ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও উভয় পক্ষের অঙ্গীকার রয়েছে। তবে কমিটির সভাপতির পদ বণ্টনসহ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত সমঝোতা হয়নি। সর্বশেষ গঠিত সংসদীয় কমিটিতে আনুপাতিক হারে সভাপতি পদ পায়নি বিরোধী দল। নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রেও লক্ষ্য এক হলেও পদ্ধতি আলাদা। জুলাই সনদে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে ১০০ জনে উন্নীত করার প্রস্তাব রয়েছে। বিএনপি উচ্চকক্ষে ২০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণের কথা বলেছে।
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিতর্ক
সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বাধ্যবাধকতা নিয়েও সরকারের অবস্থান গুরুত্বপূর্ণ। বিশেষ কমিটির প্রধান সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের সব সংশোধনের জন্য গণভোট প্রয়োজন হবে না। তবে প্রস্তাবনাসহ ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদের মতো নির্দিষ্ট বিধানে পরিবর্তন আনতে হলে সংসদে বিল পাসের পর রাষ্ট্রপতির সম্মতির আগে গণভোটের প্রয়োজন হতে পারে। তার ব্যাখ্যা অনুযায়ী প্রথমে সংসদে সংশোধনী বিল পাস হবে। এরপর যেসব ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক, সেসব বিষয়ে জনগণের অনুমোদন নেওয়া হবে। তবে গণভোটের রায় বাস্তবায়ন এবং বিদ্যমান সংবিধানের অধীনে সংশোধনের এই পদ্ধতি নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক রয়েছে।
বিরোধী দল ছাড়াই কমিটির কার্যক্রম
গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ রাখা হলেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট তাদের সদস্যেদের নাম দেয়নি। ফলে কমিটির কার্যক্রমে বিএনপি ও তাদের মিত্রদের প্রতিনিধিরাই অংশ নিচ্ছেন। তবে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত হলে এর রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
যা বললেন চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদের প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। তবে রাতারাতি সব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব না-ও হতে পারে”।
তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে সংবিধান সংশোধন প্রক্রিয়া এগিয়ে নিতে চাই। বিরোধী দলকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে। সংসদে সংবিধান সংশোধন বিল আসলে সেখানে তারা অংশ নিতে পারবে”।