বর্জ্যকে কেবল পরিবেশদূষণের উপাদান হিসেবে নয়, বরং সম্পদ, শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।
একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উদ্যোগ জোরদারে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে তুরস্কের আনতালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রাধিকার তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর প্রতি বাংলাদেশের জোরালো সমর্থনও পুনর্ব্যক্ত করেন।
১১ নভেম্বর অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক বৈঠকে বক্তব্যের শুরুতে আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যে বাংলাদেশের ফার্স্ট স্পাউস বলেন, ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে বাংলাদেশ এ উদ্যোগকে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে।
তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ কৌশলের মাধ্যমে বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি ৩.০)-এ ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে ঢাকায় বাস্তবায়নাধীন বৃহৎ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের বিষয়েও উল্লেখ করেন তিনি। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিষ্কারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের সোনালি আঁশ পাটের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এ সময় অতিথিদের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের আমন্ত্রণ জানান বাংলাদেশের ফার্স্ট স্পাউস।
মিথেন নির্গমন কমানোর বিষয়েও বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন তিনি। ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
জিরো ওয়েস্ট বা বর্জ্যশূন্য লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, এ ক্ষেত্রে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে রূপান্তর করতে হবে। দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার এবং সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।