× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল কেন, প্রশ্ন বিশেষজ্ঞদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

২৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল কেন, প্রশ্ন বিশেষজ্ঞদের

প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা–গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা।

তাদের মতে, প্রকল্পে ভুল বা অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এর দায় বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়।

বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সিদ্ধান্তের যৌক্তিকতা প্রকাশের দাবি

নগর পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবকাঠামো নির্মাণের পর সেবা চালু না করেই এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতি মূল্যায়ন করে সিদ্ধান্তের ভিত্তি জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। প্রকৌশলী শামসুল হক বলেন, প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর প্রকল্প বাতিলের কারণ জানতে চান তিনি। একই সঙ্গে দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ ও নাগরিকদের সরেজমিন পরিস্থিতি পর্যালোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

আলোচনায় রুহিন হোসেন বলেন, এত টাকার প্রকল্প বাতিলের বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা উচিত। তিনি শ্বেতপত্র প্রকাশ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

স্থপতি মাসুদুর রশিদ বলেন, বিআরটি পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। ত্রুটির কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত। যথাযথ বাস্তবায়নে এটি দৃষ্টান্তমূলক প্রকল্প ও অনন্য স্থাপত্য নিদর্শন হতে পারে।

পরিবহন বিশেষজ্ঞ মাহবুবুল বারী বলেন, নিজের কাজের অভিজ্ঞতা এবং বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি আর্থিক ও কারিগরিভাবে সম্ভাবনাময়। প্রচলিত সড়কব্যবস্থায় ফেরার উদ্যোগকে তিনি ‘আত্মঘাতী’ বলেন।

অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান জানান, ব্যক্তিগত স্বার্থে নয়, জনস্বার্থে এই বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন চান তারা।

সংবাদ সম্মেলনে আট দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, প্রকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন প্রকাশ, স্বার্থের সংঘাতমুক্ত তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ, বিমানবন্দর-গাজীপুর করিডরকে ‘আরবান আরটারি’ ঘোষণা এবং দেশে আরও বিআরটি চালু করা। পাশাপাশি ঢাকা বিআরটি পিএলসিকে শক্তিশালী করা, পরিকল্পনানির্ভর পরিবহন উন্নয়ন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ চাওয়া হয়।

আরিফুল ইসলাম বলেন, কারিগরি ভুল বা অনিয়ম আন্তর্জাতিক মানদণ্ডে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করতে হবে। বিআরটি লেন বহাল রেখে দেশের প্রথম বিআরটি করিডর বাস্তবায়ন করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা