× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এয়ারলাইন্সগুলোকে সেবার মান উন্নয়ন ও ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২১:৩৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে আসা-যাওয়া করা উড়োজাহাজগুলোর পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মান উন্নয়ন এবং বিমান ভাড়া পর্যালোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক রুটের মতো বাংলাদেশ রুটেও সমমানের সেবা নিশ্চিত করতে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো হয়েছে। পরে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। যাত্রীদের স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার করাসহ নিয়মিত পরিচ্ছন্ন রাখার জন্য এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে।

একই সঙ্গে বেবিচকের নজরে এসেছে, কিছু এয়ারলাইন্স অপারেটর তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। এ বিষয়ে সংস্থাটির নির্দেশনা হলো, যাত্রীরা যাতে আন্তর্জাতিক রুটভেদে সেবার ক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। অন্যান্য রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়া হয়, বাংলাদেশ রুটের ক্ষেত্রেও একই মান বজায় রাখতে হবে এবং উড্ডয়ন সুরক্ষা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা করতে হবে।

অন্যদিকে, ভ্রমণের দূরত্ব ও যাত্রীসেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এ প্রেক্ষাপটে ভ্রমণের দূরত্ব বিবেচনায় নিয়ে বিমান ভাড়া পর্যালোচনা এবং যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এসব বিষয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেবার মান যাচাই করতে বেবিচকের পক্ষ থেকে নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা