ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার বিকালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
দেশের প্রায় ৬ কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ছয় মাসের মধ্যে নগরবাসীর জন্য একটি টেকসই, সাশ্রয়ী ও বহুমুখী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে। এ সময় পর্যন্ত বিদ্যমান কাঠামোর আওতায় নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যক্রম চালু থাকবে।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার বিকালে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ সভার আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক সুনির্দিষ্ট স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এ ঘাটতি পূরণে বর্তমান সরকার নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস আগের অংশীদারত্বমূলক কাঠামোতেই পরিচালিত হবে। সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও টেকসই নগর স্বাস্থ্য মডেল প্রণয়ন করা হবে।
স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় বাজেটের ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।
নগর স্বাস্থ্যসেবাকে শুধু হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রেখে আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো অন্ধভাবে শহরে অনুসরণ না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই করতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।
নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তি পরিকল্পনা কমিশনে সম্পন্ন হয়েছে উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের দ্রুত বাস্তবসম্মত, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
আলোচনা সভায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বক্তব্য দেন।