পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চান দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির ফলপ্রসূ বৈঠক হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। পাশাপাশি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যকে প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন তুরস্কের ফার্স্ট লেডি।
এ ছাড়া ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের সৃষ্ট স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কেও এমিনে এরদোয়ানকে অবহিত করেন তিনি।
রোহিঙ্গা সংকটেও সহযোগিতার আশ্বাস
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমিনে এরদোয়ান।
নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাতে চান এমিনে
শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চান তিনি। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে।
এদিকে, বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।