হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১ হাজার ৯০০ জন রোগী।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার দেওয়া ডেঙ্গুসংক্রান্ত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৪ জনই ঢাকা বিভাগের। এ সময়ে দেশের অন্য কোনো বিভাগে ডেঙ্গুতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া বরিশালে ২৪৯ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, রাজশাহীতে ১৯৮ জন, রংপুরে ১০৯ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে মোট ৬ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন রোগী।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৮৫ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেটে ৪ জন মারা গেছেন।