ছবি: এনডিটিভি
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি তল্লাশিচৌকিতে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরের পর মীর বাজারের কাছের আকরান এলাকায় এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এক বিবৃতিতে সিআরপিএফ জানিয়েছে, দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী হামলাকারীরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়।
আহত তিন নিরাপত্তা সদস্য হলেন রাকেশ দাস, সন্তোষ চান্দ্রু ও সোমবীর সিং। রাকেশ দাস বাঁ পায়ে, সন্তোষ চান্দ্রু পেট ও মেরুদণ্ডে এবং সোমবীর সিং বাঁ বাহুতে আঘাত পেয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা তিনজনই এখন শঙ্কামুক্ত।
হামলার সময় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও কুলগাম জেলায় অবস্থান করছিলেন, তবে তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না। কুলগামের গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তিন দিনব্যাপী ‘ভেশো উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও ফুটেজে দেখা যায়, আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং চিকিৎসাকর্মীরা দ্রুত তাদের চিকিৎসায় এগিয়ে আসছেন।
হামলার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়। সাঁজোয়া যানে করে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজার পাশাপাশি মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ জানানো হয়। হামলাকারীদের ধরতে ওই এলাকায় ঘিরে ফেলে তল্লাশি অভিযান (কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন) শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
এর আগে গত মাসে ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলার আলারমেদগু ক্যাম্পে পরিত্যক্ত বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে চারজন সিআরপিএফ কর্মকর্তা আহত হয়েছিলেন।