প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ০৯:৫৯ এএম
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সঙ্গে ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দেশটির আন্তালিয়া শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যহীন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিভিন্ন দেশের পারস্পরিক অংশীদারিত্ব ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তারা। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে জলবায়ু ন্যায়বিচার, পরিবেশবান্ধব উন্নয়ন এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।