তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আজ মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকে বসেছেন। এটি একটি দ্বিপক্ষীয় বৈঠক।”
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তিন দিনের সফরে আজ বিকেলে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে তিনি আন্তালিয়ায় অবতরণ করেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী বুধবার সকালে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে (ওয়ার্ল্ড সামিট) অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
আন্তালিয়ার এক্সপো সেন্টারে গত রবিবার স্থানীয় সময় সকাল ১১টায় কপ৩১ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। এর আগে গত বছরের ১০ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে কপ৩০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।