প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ২০:০৯ পিএম
দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরেছেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ে যোগ দিলে ফুল দিয়ে তাকে স্বাগত জানান সহকর্মীরা। দীর্ঘ প্রতীক্ষার পর চাকরি ফিরে পেয়ে শরীফ বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।”
মঙ্গলবার দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতাসহ সব ধরনের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।
সাড়ে চার বছর পর চাকরি ফিরে পাওয়ার অনুভূতি জানতে চাইলে শরীফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চারবছর নয় “চার বছর দশ মাস পরে।” তিনি কোনো বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’
এর আগে গত ১৫ অক্টোবর শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা, বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করে নেয় দুদক। এতে তার চাকরিতে ফেরার আইনি বাধা অনেকটাই দূর হয়। পরে গত ৫ নভেম্বর দুদকের সভায় বিষয়টি উত্থাপিত হলে আদালতের রায় মেনে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি পটুয়াখালী কার্যালয়ে কর্মরত অবস্থায় শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে আলোচনায় আসেন তিনি। ওই সময় বিভিন্ন মহলের রোষানলে পড়ার পাশাপাশি প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন বলে জানা যায়।
শরীফের চাকরিচ্যুতির ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। দুদকের প্রধান কার্যালয়ের সামনেও তার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া পাওনাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। পরবর্তী সময়ে সংস্থাটি আপিলটি আর পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়ে তা প্রত্যাহারের আবেদন জানায়। চেম্বার আদালত আবেদন মঞ্জুর করায় হাইকোর্টের রায় বহাল থাকে। এর ধারাবাহিকতায় অবশেষে চাকরিতে ফিরলেন শরীফ উদ্দিন।
দীর্ঘ সাড়ে চার বছরের বিরতির পর দুদকে তার এই প্রত্যাবর্তন শুধু চাকরি ফিরে পাওয়ার ঘটনা নয়, বরং দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায় বাস্তবায়নেরও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।