× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৮:২০ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৮:২৪ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা ও প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি।

সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই হচ্ছে ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। 

তিনি বলেন, ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।

এর আগে মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয়। 

প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা ও সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরে।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনগণ যাতে সঠিক তথ্য পায়, সেটিই আমাদের প্রত্যাশা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন ও নীতিমালার প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে।

তারা লিখিতভাবে দাবিগুলো মন্ত্রণালয়ে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের উৎস বাড়ানোর বিষয়ে প্রতিনিধিদলের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, দেশের টেলিভিশন চ্যানেলগুলো মূলত বিজ্ঞাপননির্ভর। বিজ্ঞাপনের বর্তমান হার দিয়ে অনেক টেলিভিশন চ্যানেলের পরিচালন ব্যয় নির্বাহ এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা প্রয়োজন।

প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে। 

সেখান থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। 

প্রতিনিধিদলের মতে, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।

সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। 

তারা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে।

প্রতিনিধিদল বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা