প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৩:৩৬ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: ভিডিও থেকে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে জানেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে সরকারের প্রতিক্রিয়া কী এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেছেন, আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে ধরে আনতে চাই। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। সে কারণে অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী”।
তিনি বলেন, “হাসিনাকে কী প্রক্রিয়াতে দেশে আনা হবে তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে”।
পাসপোর্ট চাওয়াটা শেখ হাসিনার কৌশল কিনা সরকার তা খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে”।
উপদেষ্টা বলেন, “আমাদের সরকার মনে করে একটা কনভিক্টেড (দোষী সাব্যস্ত) আসামিকে আমরা এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করবো। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা তিনিই আসতে চান। সো লিগাল কোনো ইস্যুজ আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না”।