সংসদে প্রধানমন্ত্রী
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৯:১২ পিএম
সংসদে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান। ওই সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য শ্রমিকদের চিকিৎসার বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, “বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার করে একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।”
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে এবং শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও তারই অংশ।
এর আগে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসাব্যবস্থার পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল। দেশের নিজস্ব খনিজ সম্পদ যথাযথভাবে ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়, যার ফলে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে ধ্বংস করা হয়েছিল। দেশে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হতে হয়।