× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৫০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ৩১-এ (কনফারেন্স অব দ্য পার্টিজ) অংশ নিতে আগামীকাল মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সরকারি সফরে (১০ থেকে ১২ নভেম্বর) তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। তুরস্কের আনতালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর এবারের কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের সার্বিক প্রস্তুতি ও সম্মেলনে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের উদ্যোগ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন।

পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, সেখানে সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হলেও সম্মেলনের ফাঁকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুর্কি প্রতিষ্ঠান ‘চেলেবি’র আগ্রহ নিয়ে এই সফরে বিস্তারিত আলোচনার সম্ভাবনা কম বলেও তিনি জানান।

জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নে জোর

পররাষ্ট্র সচিব জানান, পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০ দশমিক ০৫ শতাংশ হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে। এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার এবং উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করাই বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

পাটের প্রচার ও সাইড ইভেন্ট

কপ৩১ সম্মেলনের ‘গ্রিন জোনে’ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করবে বাংলাদেশ। সেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটপণ্যের সম্ভাবনা বিশ্বদরবারে তুলে ধরা হবে। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচারসংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

এছাড়া সম্মেলনের ‘ব্লু জোনে’ ১২ ও ১৩ নভেম্বর দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জলবায়ু পরিবর্তনে নারীদের ওপর সৃষ্ট ঝুঁকি এবং কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

এবারের সম্মেলনে তুরস্ক সভাপতি এবং অস্ট্রেলিয়া সহ-সভাপতির দায়িত্ব পালন করছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশ তাদের অবস্থান চূড়ান্ত করেছে জানিয়ে পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এই সফর আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারবিষয়ক) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা