আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।”
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এর আইনি ভিত্তি কী আছে, আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না কিংবা আবেদন করার অধিকার আছে কি না—এসব খুঁটিনাটি আইনকানুন পর্যালোচনা করে পরবর্তী সময়ে পররাষ্ট্র অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “Prima facie case (প্রাথমিক দৃষ্টিকোণ) হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।”
এদিকে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাস ও স্থাপনায় আক্রমণ করছে। পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রতিহত করছে।