বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৩:৫২ পিএম
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ও মোংলা বন্দরের আর্থিক অনিয়ম, সরকারি অর্থের অপচয় এবং অডিট আপত্তিতে উঠে আসা দুর্নীতির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। বিগত সরকারের আমলে সংঘটিত অনিয়মের পাশাপাশি বর্তমান সরকারের সময়েও কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছে কমিটি।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে চট্টগ্রাম বন্দরের ২০২০-২১ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট এবং মোংলা বন্দরের হিসাব সংক্রান্ত অডিট প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের বিপুল অর্থ বেসরকারি ও সমস্যাগ্রস্ত ব্যাংকে এফডিআর হিসেবে জমা, মেয়াদ শেষে অর্থ উত্তোলন না করা এবং নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত বিনিয়োগের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে কমিটি। এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কন্টেইনার ও যানবাহনের জট আগামী ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির তাগিদ দিয়েছে কমিটি। পাশাপাশি খালি কন্টেইনারের আড়ালে পণ্যভর্তি কন্টেইনার বের করা এবং কন্টেইনার চুরিতে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে পরবর্তী বৈঠকে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশনাও দেওয়া হয়।
আমদানি-রপ্তানিতে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং ঠেকাতে আন্তর্জাতিক প্লাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। একই সঙ্গে ই-বিলিং ও ই-পেমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয় শুল্ক পরিশোধ এবং দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে।
চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিং, নাব্যতা উন্নয়ন এবং কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পে ব্যয়িত অর্থের যথাযথ ব্যবহার নিয়েও বৈঠকে প্রশ্ন ওঠে। এসব প্রকল্পে কোনো অনিয়ম হয়ে থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ করা হয়। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উৎসাহ বোনাস দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে বিভিন্ন অডিট আপত্তির বিপরীতে অর্থ আদায়, সমন্বয়, অবলোপন, প্রমার্জন ও নিয়মিতকরণসহ আপত্তি নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক ও মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বৈঠকে অংশ নেন। এ সময় হিসাব মহানিয়ন্ত্রক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংসদ সচিবালয় এবং বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।