ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১১:২৬ এএম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের লোগো
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) বিলুপ্ত করে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি অন্যান্য প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আদলে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক কাঠামোর মূল ধারায় নিয়ে আসতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অধিদপ্তরে রূপান্তর হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে প্রকৌশলী নিয়োগ এবং দীর্ঘমেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (পানিসম্পদ)’ নামে নতুন একটি ক্যাডার গঠনের প্রস্তাবও রয়েছে খসড়া আইনে।
সোমবার প্রাক-প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পানিসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে পাউবোকে অধিদপ্তরে রূপান্তরের পক্ষে প্রশাসনিক, আর্থিক ও জনবল ব্যবস্থাপনার বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে। সরকারের অন্যান্য প্রকৌশল প্রতিষ্ঠানের সমপর্যায়ের দায়িত্ব পালন করেও বোর্ড হিসেবে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটি নানা প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতার মুখে পড়ছে বলে মনে করছে মন্ত্রণালয়। অধিদপ্তরে রূপান্তরের মাধ্যমে এসব সীমাবদ্ধতা কাটিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
২০ বছরে চাকরি ছেড়েছেন ৩৪ শতাংশ প্রকৌশলী
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবে প্রকৌশলী নিয়োগ ও ধরে রাখার সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০০৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের (পুর) প্রায় ৩৪ শতাংশ চাকরিতে যোগদান করেনি অথবা যোগদানের পর ইস্তফা দিয়েছে। সরকারি অন্যান্য প্রকৌশল অধিদপ্তরের সমমানের পদ ও যোগ্যতা থাকা সত্ত্বেও সামাজিক মর্যাদা, পেশাগত স্বীকৃতি ও চাকরি সুরক্ষার ক্ষেত্রে বৈষম্যের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এর ফলে একদিকে নিয়োগ কার্যক্রমে সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ পানিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষ জনবলের সংকট দেখা দিচ্ছে। অধিদপ্তরে রূপান্তর হলে পিএসসির মাধ্যমে নিয়োগ, পরিকল্পিত প্রশিক্ষণ, ফিল্ড অ্যাটাচমেন্ট এবং উচ্চতর পদে নিয়মিত পদোন্নতির সুযোগ তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
১২ হাজারের বেশি অনুমোদিত জনবল
১৯৫৪ ও ১৯৫৫ সালের ভয়াবহ বন্যার পর ক্ষয়ক্ষতি কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৯৫৭ সালে জাতিসংঘের অধীনে গঠিত ক্রুগ মিশনের সুপারিশ আসে। এর ধারাবাহিকতায় ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে ইপিওয়াপদার পানি অংশ নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঠন করা হয়। পরে ২০০০ সালের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি সংবিধিবদ্ধ সংস্থায় রূপ নেয়।
বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটিতে ১৬৯টি ক্যাটাগরিতে অনুমোদিত জনবল ১২ হাজার ৩১ জন। ছয় দশকের বেশি সময় ধরে দেশের বন্যা নিয়ন্ত্রণ, সেচ, নিষ্কাশন, নদীশাসন, উপকূলীয় বাঁধ নির্মাণ এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পেনশন, অর্থায়ন ও প্রশাসনিক জটিলতা
প্রস্তাবে পাউবোর আর্থিক ও প্রশাসনিক সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সরকারি থোক বরাদ্দের ওপর নির্ভর করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পরিচালন ব্যয় ও অন্যান্য সংস্থাপন ব্যয় নির্বাহ করে। প্রায় ১৫ হাজার ৭৫ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পেনশন পরিশোধের দায়ও সরকারের ওপর রয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, পেনশন বাবদ সরকারের মোট ও বছরভিত্তিক দায় একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
একই সভায় ছয়টি প্রশাসনিক প্রস্তাব
আজকের প্রাক-নিকার সচিব কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব ছাড়াও আরও ছয়টি প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব উঠছে। এর মধ্যে রয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ করার প্রস্তাব। এ ছাড়া জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজারে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৌরসভা গঠনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন থানা স্থাপন এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।