× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ০৯:৪৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ভূমধ্যসাগরীয় উপকূলের আনতালিয়া এক্সপো সেন্টারে সোমবার শুরু হয়েছে সম্মেলন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। প্রধানমন্ত্রী ১১ ও ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। এ সময় পৃথক দুটি পর্বে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করতে পারেন তিনি। এসব বৈঠকের সময়সূচি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।

এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা। বিশেষ করে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণনির্ভরতা কমিয়ে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা জরুরি। উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমেও বৈশ্বিক সহায়তা দরকার”।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ”।

সম্মেলনে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সহজলভ্য অনুদান চাইবে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে উন্নত ও অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

এ ছাড়া কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার, নারী ও যুবকদের কর্মসংস্থান সুরক্ষার বিষয়গুলোও সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ।

মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বিকেলে ইস্তান্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রানজিট শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হবেন তারা।

প্রতিনিধিদলে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতেই প্রধানমন্ত্রীর এ সফর।

সফরসূচি অনুযায়ী, ১২ নভেম্বর বিকেলে তুরস্ক ত্যাগ করে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা