জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই জাতীয় সনদেই সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের বিষয়টি উল্লেখ রয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ প্রক্রিয়ায় বিরোধী দলসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় সরকার।
রবিবার জাতীয় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের আলাদা সংবিধান সংস্কার কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, সবকিছু একসঙ্গে নিয়েই সংবিধান সংশোধন করতে হবে। বিরোধী দলের আলাদা কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, “কেনো করল সে প্রশ্নের উত্তর আমি দিতে পারব না।”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, সনদে যেসব বিষয়ে স্বাক্ষর করা হয়েছে, তার সবকিছুই বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে দাড়ি, কমা ও সেমিকোলনসহ স্বাক্ষরিত প্রতিটি বিষয় বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি। বলেন, “সংবিধান সংশোধন ছাড়া এর বিকল্প কোনো পথ নেই।”
চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য বিরোধী দলের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী সরকার। সংবিধান প্রণয়নের পর বিভিন্ন সময়ে সংশোধনের নজির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করা সম্ভব।
এর আগে ২ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন চিফ হুইপ।
সেদিন তিনি জানান, সনদ বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, জুলাইযোদ্ধা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কমিটিতে অংশ নিতে বিরোধী দলকে একাধিকবার আহ্বান জানানো হয়েছে। আলোচনার দরজা এখনও খোলা রয়েছে।
বিরোধী দলকে আন্দোলনের পরিবর্তে সংসদে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদীয় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা সম্ভব।
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় তরুণ প্রজন্মসহ সংশ্লিষ্ট সবার মতামত ও সহযোগিতার ওপরও গুরুত্ব দেন চিফ হুইপ। তার মতে, দেশের মানুষের কল্যাণ, জাতীয় স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্বচ্ছ, সুস্পষ্ট ও যুগোপযোগী সাংবিধানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন।