প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৭:১৫ পিএম
শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে ইসির কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল (ডিসপোজাল) করা হবে, সে বিষয়ে কমিশন এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে কমিশন এখন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।