× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজধানীর একটি হোটেলে রবিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে এবং ইউএনডিপির সহযোগিতায় অধস্তন আদালতের বিচারকদের অংশগ্রহণে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের দুর্নীতিকে সাধারণত আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তবে তিনি বিষয়টিকে বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে দেখেন। তার মতে, হাতে গোনা কয়েকজন বিচারক আর্থিক দুর্নীতিতে জড়িত থাকতে পারেন। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ও প্রধান বিচারপতি জিরো টলারেন্স নীতি অনুসরণের চেষ্টা করছেন।

তিনি বলেন, বিচারক মানেই সৎ, এটাই জনসাধারণের প্রত্যাশা এবং বিচারকের মৌলিক ভিত্তি। একজন ব্যক্তি বিচারক হওয়ার অর্থই হলো, সবকিছুর ঊর্ধ্বে উঠে সততা ও নিরপেক্ষতা বজায় রাখা।

টিআইবির উদ্দেশে মন্ত্রী বলেন, বুদ্ধিবৃত্তিকভাবে পক্ষপাতদুষ্ট ও দুর্নীতিগ্রস্ত এবং সুপ্রিম কোর্টকে প্রশ্নবিদ্ধ করেছেন—এমন ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত। সমাজের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক পরিসরেও বিভাজন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ে এত মানুষ নিহত ও পঙ্গুত্বের শিকার হলেও বুদ্ধিজীবীদের একটি অংশ নীরব রয়েছেন।

বিচার বিভাগের পৃথক সচিবালয় ও স্বাধীনতার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে এসব ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, সরকার এমন একটি বিচার বিভাগ গড়ে তুলতে চায়, যেখানে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং তা জনগণের কাছে দৃশ্যমান হবে।

সংবিধান সংশোধনের বিষয়ে টিআইবির পরামর্শ আহ্বান করে আইনমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে মৌলিক ও জনকল্যাণমুখী পরামর্শ দিলে তা পর্যালোচনা সভায় আলোচনার জন্য বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের রুল অব ল, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়েগার এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা