তোফাজ্জল হোসেন কামাল
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১২:১৮ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
খুন বেড়েছে সারা দেশে। এর পেছনে যতগুলো কারণ আছে, তার শীর্ষে ‘পারিবারিক কলহ’। পুলিশের সাম্প্রতিক পরিসংখ্যানে পাওয়া গেছে এ তথ্য। এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে (২৭৩ দিন) খুন হয়েছে ২ হাজার ৬৫৯ জন। সে হিসেবে প্রতি মাসে খুন হয়েছে ২৯৬ জন, আর প্রতিদিন গড়ে প্রায় ১০ জন।
সর্বশেষ সেপ্টেম্বর মাসে খুন হয়েছে ২৯৭ জন। এর আগের মাস আগস্টে এ সংখ্যা ছিল ২৮৬ জন। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ১১ জন বেশি খুন হয়েছে। চাঞ্চল্যকর বেশ কয়েকটি খুনের ঘটনা দেশজুড়ে জনমনে নানা শঙ্কা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ফেলেছে প্রশ্নের মুখে। গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশে এমন আলোচিত খুনের ঘটনা ঘটেই চলেছে। পারিবারিক কলহ থেকে শুরু করে নানা কারণের পাশাপাশি রাজনৈতিক ঘটনায় হওয়া খুনের ঘটনাগুলো ছিল আলোচনার শীর্ষে।
খুনের ঘটনার পেছনে ১২টি কারণ উল্লেখ করা হয়েছে পুলিশের পরিসংখ্যানে। এসব কারণ হচ্ছেÑ পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, সম্পত্তি সংক্রান্ত, রাজনৈতিক, প্রেম/পরকীয়া, দাঙ্গা, অপহরণ, আধিপত্য বিস্তার, সন্ত্রাসী/চাঁদাবাজ, গণপিটুনি, ছিনতাইকারী চোর-ডাকাতের হাতে খুন। এর বাইরে দখল, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের লড়াই, এলাকাভিত্তিক উঠতি সন্ত্রাসীদের তৎপরতা, মাদক কারবার নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব থেকেও ঘটছে খুনের ঘটনা।
সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে সরকার। অপরাধীরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঢাকা ও ঢাকার বাইরে গিয়ে মাঠ পর্যায়ে পুলিশকে সক্রিয় করাসহ একাধিক উদ্যোগ নিয়েছেন। তা সত্ত্বেও খুনোখুনি রোধ হচ্ছে না।
সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, একের পর একাধিক খুনের ঘটনা মানুষের মনে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তারা বলছেন, ক্ষমতার আধিপত্য, রাজনৈতিক সংঘাত, মাদক ও পারিবারিক কলহ বা বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি।
পুলিশ বলছে, জুলাই গণঅভ্যুত্থানের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে পুলিশ। তারা খুনোখুনি রোধে মাঠে কাজ করছেন। পাশাপাশি ভিকটিমের দ্রুত মামলা নেওয়া ও আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন আইজিপি। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় রেঞ্জ ডিআইজি ও জেলার এসপিদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন প্রতিনিয়ত।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক পটপরিবর্তন হলে সামাজিক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনোখুনি বাড়ে।
পরিসংখ্যানে খুনের চিত্র
প্রতি মাসে খুন, ধর্ষণ, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় মামলা নিয়ে মাসিক রিপোর্ট প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকাসহ সারা দেশে খুন হয়েছে ২৮৭ জন, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬, জুলাইয়ে ২৯৮, আগস্টে ২৮৬ ও সেপ্টেম্বরে ২৯৭টি খুন হয়েছে। ৯ মাসে মোট খুন হয়েছে ২৬৫৯ জন। এর মধ্যে সব চেয়ে বেশি ঢাকা রেঞ্জের ১৩ জেলায় খুন হয়েছে ৬১৬ জন। এরপরই চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় খুন হয়েছে ৫২৪ জন। মেট্রোপলিটন শহরের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় খুন হয়েছে ১৯৯ জন। আর চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় খুন হয়েছে ৪১ জন।
২০২৫ সালে খুন হয়েছে ৩৭৮৭ জন। এর মধ্যে সব চেয়ে বেশি ঢাকা রেঞ্জে খুন হয় ৮৬৪ জন। আর চট্টগ্রাম রেঞ্জে খুন হয় ৬৩৭ জন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় খুন হয় ৪১৮ জন। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় খুন হয় ৮১ জন।
সূত্র জানায়, চলতি বছরের ৯ মাসের খুনের ঘটনার মধ্যে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহতরাও রয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
গত ২৭ অক্টোবর পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক (সেপ্টেম্বর-২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় খুনের মামলার তুলনামূলক পরিসংখ্যান নিয়ে আলোচনা করেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ জেলা পর্যায়ের এসপিরা।
সভায় সর্বশেষ সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা করে জানানো হয়, এ মাসে ২৯৭টি খুনের ঘটনার মধ্যে পারিবারিক কলহের কারণে খুন হয়েছে ৯০ জন। এ ছাড়া, পূর্বশত্রুতার কারণে ৭৭ জন, অন্যান্য কারণে ৬৭ জন, সম্পত্তির কারণে ২৩ জন, ছিনতাইকারী, চোর, ডাকাতের হাতে ১৪ জন, গণপিটুনিতে ৫ জন, দাঙ্গায় ৪ জন, আধিপত্য বিস্তারে ৪ জন, সন্ত্রাসী/চাঁদাবাজির ঘটনায় ২ জন, অপহরণের কারণে ২ জন, রাজনৈতিক কারণে একজন, প্রেম/পরকীয়ায় ৭ জন।
পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে হত্যা মামলা হয়েছে ২ হাজার ৭৬টি। ২০২৫ সালের একই সময়ে ছিল ১ হাজার ৯৪৭টি। অর্থাৎ, এ বছরের প্রথম সাত মাসে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে ১২৯টি।
পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সায়েদুর রহমান প্রতিদিনের বাংলাদেশের কাছে দাবি করেন দেশে খুনের পরিমাণ বাড়েনি। প্রতি মাসের পরিসংখ্যানে নজর দিলে দেখা যাবে যে, কোনো মাসে খুন শতকরা এক ভাগ বেড়েছে, আবার কোনো মাসে এক ভাগ কমেছে। তিনি বলেন, খুনের যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো আগে থেকেই ঘটে আসছে। তবে একটা আশার ব্যাপার হলো সরকারের পক্ষ থেকে আমাদের ওপর কোনো ধরনের চাপ নেই। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে।
আলোচিত খুন
ঢাকার মিরপুরে ১৯ মে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করে। প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যান। দ্রুত বিচারের আশ্বাস দেন। জড়িতদের আটকও করে পুলিশ। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় মামলার রায়ও দেন ঢাকার নিম্ন আদালত।
২২ আগস্ট রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যা করা হয়। লক্ষ্মীপুরের রায়পুরে ২৫ জুন মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেন এক যুবক। চট্টগ্রামের আনোয়ারায় ২৫ জুলাই খুন হন স্বপন দাশ গুপ্ত ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত। হত্যার অভিযোগ তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তের বিরুদ্ধে।
সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় ১২ আগস্ট ব্যবসায়ী আবদুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা খুন হন। এ ঘটনার দিন বিকালেই পুলিশ রায়নগর এলাকা থেকে বাবুল মিয়াকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করে।
চট্টগ্রামের রাউজানে পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে জানে আলম সিকদার নামে এক যুবদল নেতাকে ৫ জানুয়ারি মুখোশধারী দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয় গুলি করে। ৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্ট কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহকে কেন্দ্র করে ৮ মে খাগড়াছড়ির মানিকছড়িতে কোদালের আঘাতে মাহিনুর আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করা হয়। একই দিন চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় হাসান রাজু নামে এক যুবককে।
ময়মনসিংহের মুক্তাগাছায় ৯ মে আন্দালিব সাদমান রাফি নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়। একই দিন গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে শারমিন আক্তার, তার তিন সন্তান মীম খানম, উম্মে হাবিবা ও ফারিয়া ও রসুল মিয়াসহ পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলার এক জনাকীর্ণ বাজারে গত ১৩ জুন যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।
এ ছাড়া, গত ৯ মাসে আত্রাইয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রী-সন্তান হত্যা, দিনাজপুরে ছেলেদের বিরুদ্ধে বাবা-সৎভাইকে হত্যা, মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যা, রাজধানীর কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী-শাশুড়ি হত্যা ও সুনামগঞ্জে বাবার বিরুদ্ধে দুই শিশুসন্তানকে হত্যার মতো আলোচিত ঘটনাও আছে।
অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একেকটি খুনের ঘটনার কারণ একেক রকম। তবে প্রতিটির পেছনে সামাজিক ও কাঠামোগত নিরাপত্তাহীনতার বিষয়টি রয়েছে। পারিবারিক বিরোধ, সম্পদ, প্রভাব ও প্রতিশোধের প্রবণতার সঙ্গে অপরাধের ঘটনার দ্রুত তদন্ত ও বিচার না হওয়াও এ ধরনের সহিংসতার অন্যতম কারণ।