× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

আলোচনায় ২১ ব্যাচ, প্রশ্ন সুবিধাভোগীদের নিয়ে

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ০৮:২৯ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা ও তৎপরতা। এবার মূল বিবেচনায় রয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তারা। তাদের সঙ্গে বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তা এবং অন্য ক্যাডার থেকে প্রশাসনে একীভূত হওয়া কর্মকর্তাদেরও পদোন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে। পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করতে সাড়ে তিন শতাধিক কর্মকর্তার চাকরিজীবনের তথ্য-উপাত্ত যাচাই করছে সুপেরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। চলতি সপ্তাহে তালিকা চূড়ান্ত অনুমোদন পেলে এ মাসেই জারি হতে পারে প্রজ্ঞাপন।

তবে এই পদোন্নতি প্রক্রিয়া ঘিরে প্রশাসনের ভেতর ও বাইরে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ মাঠ প্রশাসন, মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের পদোন্নতি বিবেচনায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের কেউ কেউ পদোন্নতির ক্ষেত্রেও প্রভাবশালী মহলের সমর্থন ও তদবির পাচ্ছেন।

অন্যদিকে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, যোগ্যতা ও চাকরির জ্যেষ্ঠতার পাশাপাশি রাজনৈতিক পরিচিতি, প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ এবং তদবির পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও এসএসবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

২১ ব্যাচের ১৮৪ কর্মকর্তা বিবেচনায়

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৩১ মে বিসিএস ২১তম ব্যাচের ১৯১ জন কর্মকর্তা চাকরিতে যোগ দেন। পরে ইকোনমিক ক্যাডার থেকে আরও ১২ জন কর্মকর্তা এই ব্যাচের সঙ্গে একীভূত হন। তাদের মধ্যে বর্তমানে ১৮৪ জন কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এই ব্যাচের কর্মকর্তাদের একটি বড় অংশ ২০২২ সালে যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। যারা তখন পদোন্নতি থেকে বাদ পড়েছিলেন, তাদের একটি অংশ ২০২৪ সালের ৫ আগস্টের পর যুগ্ম সচিব হয়েছেন। প্রচলিত পদোন্নতির যোগ্যতার হিসাব অনুযায়ী, যুগ্ম সচিব হিসেবে দুই বছর চাকরি পূর্ণ হলে অতিরিক্ত সচিব পদে বিবেচিত হওয়ার সুযোগ তৈরি হয়। এসএসবি ইতোমধ্যে এই ব্যাচের কর্মকর্তাদের চাকরিজীবনের বিভিন্ন নথি পর্যালোচনা করেছে। তাদের মধ্যে কারা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন, কারা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব ছিলেন এবং কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সেসব বিষয়ও আলোচনায় এসেছে বলে জানা গেছে।

হাসিনার আমলে ডিসি ছিলেন ৩০ জন

প্রশাসন-সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিসিএস ২১তম ব্যাচের অন্তত ৩০ জন কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কয়েকজন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এ নিয়ে অতীতে রাজনৈতিক বিতর্ক ও প্রশ্নও উঠেছিল।

পদোন্নতি নিয়ে তদবিরের অভিযোগ

অতিরিক্ত সচিব পদে পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তদবিরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা কিছু কর্মকর্তা পদোন্নতি নিশ্চিত করতে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন। জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে ডিও লেটার দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রশাসনের একাধিক কর্মকর্তা মনে করেন, পদোন্নতি হওয়া উচিত চাকরির জ্যেষ্ঠতা, দক্ষতা, সততা, কর্মদক্ষতা এবং বার্ষিক গোপনীয় অনুবেদনসহ (এসিআর) প্রাসঙ্গিক নথির ভিত্তিতে। রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হলে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারত্ব ক্ষতিগ্রস্ত হবে।

২০ ব্যাচের বঞ্চিতদের বিবেচনায় আনা হচ্ছে

চলতি বছরের ২৭ জানুয়ারি ১২৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ওই পদোন্নতিতে বিসিএস ২০তম ব্যাচের ১৮৩ জন কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছিল। তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও পদোন্নতি পাননি। এবার ২১তম ব্যাচের সঙ্গে বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদেরও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে তাদের কতজন পদোন্নতির সুপারিশ পাবেন, তা এখনও স্পষ্ট নয়।

অতিরিক্ত সচিবের পদ সাড়ে তিন শতাধিক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রশাসনে অতিরিক্ত সচিবের নিয়মিত পদ রয়েছে ২১২টি। এর বাইরে বিভিন্ন দপ্তর ও সংস্থায় প্রেষণে থাকা সমপর্যায়ের পদ রয়েছে আরও প্রায় ১২৫টি। সব মিলিয়ে অতিরিক্ত সচিবের পদসংখ্যা দাঁড়ায় ৩৩৭টি। এর বাইরে আরও কিছু পদ থাকায় মোট সংখ্যা সাড়ে তিন শতাধিক বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ফলে নতুন করে পদোন্নতি দেওয়া হলেও সব কর্মকর্তাকে নিয়মিত পদে পদায়ন করা সম্ভব না-ও হতে পারে। তাদের অনেককে ইনসিটু বা নিজ পদে বহাল রেখে পদোন্নতি দিতে হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা